কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার তিনবারের সফল মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। ২০ জুলাই সোমবার বেলা ১২টায় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় উনার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। পরিবার তাঁর স্ত্রী সন্তান না থাকলেও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ মাগরিব পৌর ঈদগাহ মাঠে গার্ড অব অনার শেষে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের নাতি অরুণ আল আজাদ।
অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ১৯৪৫ সালে ১ জানুয়ারি ভৈরবপুর উত্তরপাড়া গ্রামে কাদির ব্যপারির বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মো. নোয়াজ মিয়া ও মাতা মৃত হালেমা খাতুন। পরিবারে তার ৩ ভাই ও ৬ বোন রয়েছে।
মরহুমের নাতি উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অরুণ আল আজাদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জানা যায়, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ তিনবার পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। তাঁর হাত ধরেই পৌর শহরের ব্যাপক উন্নয়ন হয়েছে। মুক্তিযুদ্ধে তার অপরিসীম ভূমিকার রয়েছে। তিনি ভৈরব উপজেলা আওয়ামী লীগের টানা ৪ বার ১৯৭৭ থেকে ১৯৯৭ পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পালনসহ দীর্ঘ সময় আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। একজন সফল মেয়রের মৃত্যুতে ভৈরবে শোকের ছায়া নেমে এসেছে। দলমত নির্বিশেষে ভৈরবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।