কিশোরগঞ্জের ভৈরব থানায় যোগদানের পরপরই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাঈদা আক্তার (নারী কনস্টেবল-৩২৫) নামের এক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। ২১ নভেম্বর শনিবার সন্ধ্যা কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ হয়ে ফেরার পথে অসুস্থ হয়ে তিনি মৃত্যু বরণ করেন।
সাঈদা আক্তার নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের আবুল কাসেমের মেয়ে। এর আগে তিনি কিশোরগঞ্জের তাড়াইল থানায় কর্মরত ছিলেন। গত ১২ নভেম্বর ভৈরব থানায় যোগদান করেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সাঈদা আক্তার নরসিংদীর বেলাবো থানার বাজনাবো ইউনিয়নের বাসিন্দা ও তামাবিল হাইওয়ে থানায় কর্মরত কনস্টেবল জোবায়ের আহমেদের স্ত্রী। তাঁদের সংসারে সাড়ে ছয়,বছরের এক ছেলে ও ১৯ মাসের এক কন্যা সন্তান রয়েছে।
নিহতের শ্বশুর মোহাম্মদ আব্দুল গফুর জানান, ভৈরব থানায় যোগদানের পর সাঈদা জ্বরে আক্রান্ত হন। পরবর্তীতে ছুটিতে বেলাবোর নিজ বাড়িতে এসে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে গত ১৯ নভেম্বর তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২১ নভেম্বর দুপুরে কিছুটা সুস্থতা বোধ করলে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। ফেরার পথে কিশোরগঞ্জের বাজিতপুরের আগরপুর এলাকায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যায় বেলাবো পৌঁছানোর পর অবস্থা আরও সংকটাপন্ন হলে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ২২ নভেম্বর সকাল সাড়ে ১১টায় বেলাবোতে তাঁর দাফন সম্পন্ন হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সাঈদা আক্তারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।