ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে শীতের কুয়াশাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইচক্র। গত ১৭ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার কালিকাপ্রসাদ বিসিক শিল্পনগরী এলাকায় বাড়ি ফেরার পথে ভয়াবহ এই ডাকাতির শিকার হন মোজাহিদ আল মিজান (৩২) নামের এক ব্যবসায়ী। এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর কাছ থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি ভৈরব উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার একজন পাদুকা ব্যবসায়ী।
ডাকাতদের নির্মম হামলায় তাঁর মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয় এবং সঙ্গে থাকা নগদ প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এদিকে বারবার এমন ডাকাতির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ডাকাতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী।
ভুক্তভোগী মোজাহিদ আল মিজান জানান, ১৭ নভেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে ভৈরব থেকে ব্যবসা গুছিয়ে নিজের বাড়ি মানিকদী যাওয়ার পথে কালিকাপ্রসাদ বিসিক এলাকার সামনে ডাকাতের কবলে পড়েন তিনি। এ সময় সড়কে রশি টানিয়ে ডাকাতরা তাঁর মোটরসাইকেলের গতি রোধ করেন। প্রথমে চারজন ডাকাত হামলা চালালেও মুহূর্তের মধ্যে আরও তিনজন যোগ দেয়। সংখ্যায় বেশি হওয়ায় তাদের সঙ্গে পেরে ওঠেননি। একপর্যায়ে ডাকাতরা তাঁর মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর কাছে থাকা নগদ প্রায় ১ লাখ টাকা নিয়ে যায়। তবে ডাকচিৎকারের কারণে তাঁরা ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে রেখেই পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ডাকাতদের উদ্দেশ্য শুধু ডাকাতি ছিল না, আমার মনে হয়েছে আমাকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল। মহান আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে ফিরেছি।
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ৯৯৯-এ কল করেন মোজাহিদ। পরবর্তীতে টহলরত পুলিশের সহযোগিতায় তাঁর ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হলেও ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার হয়নি। তিনি সড়কে নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, এই আঞ্চলিক সড়কে প্রায়শই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে প্রতিবছরই কুয়াশাচ্ছন্ন শীতের রাতগুলোতে এই সড়কটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর আগে গত চার দিন আগে কুলিয়ারচর এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই ভাইসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ এই সড়কে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন। কিন্তু প্রশাসনের দৃশ্যমান ও কঠোর পদক্ষেপের অভাবে অপরাধীদের দৌরাত্ম্য থামছে না।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া শীতের রাতে সড়কে অপরাধ ও ছিনতাই প্রতিরোধে চিহ্নিত স্পটগুলোতে পুলিশের টহল আরও জোরদার করা হচ্ছে।