কিশোরগঞ্জের ভৈরবে টাস্কফোর্সের দিনভর মাদক বিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৭ মাদকসেবীকে আটক করা হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর শহরের ঘোড়াকান্দা, ভৈরবপুর উত্তর পাড়া ও দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর।
আটককৃতরা হলো, পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২৬) একই এলাকার শাহীন মিয়ার ছেলে মো. মোস্তাকিম মিয়া (২২), মো. আ. রশিদ মিয়ার ছেলে আব্দুল মতিন(২৮), ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মৃত শওকত আলীর ছেলে মো. উজ্জ্বল মিয়া (২৫) ও সুমন মিয়ার ছেলে ইমন মিয়া (২১), দক্ষিন পাড়া এলাকার মৃত মনতাজ মিয়ার ছেলে মো. রিপন মিয়া (৪৬) ও কানন মিয়ার ছেলে মারুফ মিয়া (২০)।
অভিযান শেষে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, ১৪ জুলাই দিনভর শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোস্তাকিমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, আ: মতিন ও ইমন মিয়াকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, মো. রাজু, মো. উজ্জ্বল মিয়া, মো. রিপন মিয়া ও মো. মারুফকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এদের মধ্যে মোস্তাকিমকে ২৬শ টাকা এবং বাকি ০৬ জন কে ১০০ টাকা করে মোট ৬শ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।