কিশোরগঞ্জের ভৈরবে আবারো শুরু হয়েছে মাদকের বিরুদ্ধে আন্দোলন। ১২০ পিস ইয়াবাসহ মেহেদী সরকার (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে আন্দোলনকারী এলাকাবাসী। মাদককারবারি মেহেদী গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়েদ ইউনিয়নের চকবড়হর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। ২৩ জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় পৌর শহরের পঞ্চবটীর পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপুসহ স্থানীয়রা বলেন, ভৈরব শহরের শীর্ষ মাদককারবারি শিল্পী। বিকালে শিল্পীর বাড়ি থেকে ইয়াবা কিনে নিয়ে যাওয়া সময় আমরা মেহেদী হাসান নামে এক মাদককারবারিকে ১২০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করি। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়। পরে ভৈরব থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারি ও তার মোটর সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন যাবত মাদকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। আমাকে ইতোমধ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল৷ এতে করে বেশ কয়েকদিন আন্দোলন বন্ধ ছিল। আমার এলাকায় আমি বেঁচে থাকতে মাদক বিক্রি চলবে না। পুকুরপাড় এলাকাকে মাদকমুক্ত করতে এলাকাবাসীর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ বিষয়ে ভৈরব থানা তদন্ত কর্মকর্তা লিমন বোস বলেন, শহরের পঞ্চবটি এলাকার স্থানীয়রা এক মাদক কারবারিকে আটক করে পুলিশকে জানালে থানা পুলিশ ওই মাদককারবারিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মাদকের সাথে জড়িতদের ধরতে অভিযুক্তকে জিজ্ঞাসাসহ তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে মাদককারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।