ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঢাকা মহানগর ও ব্রাহ্মণবাড়িয়ার গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতাসহ বাঞ্ছারামপুরস্থ পুরনো মোটরসাইকেল ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান ফ্রেন্ডস বাইক গ্যালারীর ৪ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বাঞ্ছারামপুর সদরের ফ্রেন্ডস বাইক গ্যালারীর মো. সজীব (২৮), মো. নিশান আহমেদ (২৫), রুবেল আহমেদ (৩৮) ও নিত্য সরকার (১৯)। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ১৬টি চোরাই বাইকসহ বিপুল পরিমান মাস্টার চাবিও উদ্ধার করা হয়। যা দিয়ে মুহূর্তেই যে কোনো বাইকের লক খোলা যায়। বিশেষ প্রযুক্তির ‘মাস্টার কি’ বলে ধারণা করছেন পুলিশ ও এলাকাবাসী।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, এই চক্রটি ঢাকা ও আশপাশের জেলা থেকে বাইক চুরি করে বাঞ্ছারামপুরের ‘ফ্রেন্ডস বাইক গ্যালারী’ নামক শোরুমে বিক্রি করতো। চক্রটি বিশেষ চাবি ব্যাবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বাইকের লক খুলে বাইক নিয়ে মুহূর্তের মধ্যেই পালিয়ে যেতো। তথ্যের ভিত্তিতে আজ এ শোরুম থেকে চোরাইকৃত মোটরসাইকেল সহ বাইক চোর চক্রের সক্রিয় ৪ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে বাইক চালকদের আরো সতর্ক হতে হবে। যেমন, রাতে বাইক নিরাপদ গ্যারেজে রাখা, ডাবল লক ব্যবহার বাইকে এবং সিসিটিভি আওতায় পার্কিং করলে বাইক চুরি হওয়ার সম্ভাবনা কমে আসবে।