ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আসাদনগর সেতুর ঠিক নিচে বাঞ্ছারামপুর- আখাউড়া, কুমিল্লা মহাসড়কে বড় ধরনের ধস দেখা দিয়েছে। রাস্তার পাশের মাটি সরে গিয়ে ভিতরে গভীর গর্তের সৃষ্টি হয়েছে।
ধস ঠেকাতে রাস্তার কিনারে কোনো রকমে বালুর বস্তা দিয়ে আটকে রাখা হয়েছে। কিন্তু নিচের মাটি পুরোপুরি সরে যাওয়ায় যে কোনো সময় পুরো সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয় গ্রামের বাসিন্দা মনু মিয়া জানান, _”আবার বৃষ্টি হলে এই রাস্তা ভেঙে যাইবো গা। তাড়াতাড়ি মেরামত না করলে রাস্তা থাকবে না। এটা জনগণের দরকার, এটা সবারই দরকার।”_
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই স্থানটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো স্থায়ী পদক্ষেপ নিচ্ছে না।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়ক ও জনপদ বিভাগ এবং উপজেলা প্রশাসন যৌথভাবে পরিদর্শন করে সেতুর পাশের এই ঝুঁকিপূর্ণ স্থানটি স্থায়ীভাবে মেরামত করুক।