বাঞ্ছারামপুর মডেল থানায় এসে চট্টগ্রামের সন্তান *ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন* অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছেন এলাকাবাসীর আস্থার প্রতীক। তার আন্তরিকতা,দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের কারণে বাঞ্ছারামপুরের মানুষ এখন থানাকে ভয় নয়, ভরসার জায়গা মনে করছে।
জানা যায়,ওসি মোহাম্মদ ইয়াসিন দায়িত্ব নেওয়ার পর থেকে থানায় বসেই জটিল ও দীর্ঘদিনের অনেক পারিবারিক,জমি ও সামাজিক বিরোধ নিষ্পত্তি করেছেন। একইসাথে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তার নেতৃত্বে নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।
আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্যা সমাধান করায় সাধারণ মানুষ দ্রুত সেবা পাচ্ছেন।
এলাকার জনগণ বলছেন, আগে থানায় গেলে মানুষ হয়রানির শিকার হতো। কিন্তু ইয়াসিন স্যারের সময়ে চিত্র পাল্টেছে। যে কোনো অভিযোগ নিয়ে গেলেই তিনি নিজে শুনেন এবং দ্রুত ব্যবস্থা নেন। এ কারণে বাঞ্ছারামপুরের মানুষ ওনার সেবা পেয়ে অনেক আনন্দিত।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ওসি ইয়াসিনের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। “ভালো পুলিশ এখনো আছে”, “বাঞ্ছারামপুর পেয়েছে একজন অভিভাবক” – এমন ইতিবাচক মন্তব্যে ভরে গেছে বিভিন্ন পোস্টের কমেন্ট বক্স।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “ইয়াসিন স্যার শুধু পুলিশ অফিসার নন, উনি আমাদের এলাকার একজন অভিভাবক। রাত-দিন ২৪ ঘণ্টা মানুষের জন্য কাজ করছেন। মাদকের বিরুদ্ধে তার অবস্থান খুবই কঠোর।”
ওসি মোহাম্মদ ইয়াসিন বলেন, “আমি চট্টগ্রামের সন্তান হলেও বাঞ্ছারামপুরকে নিজের এলাকা মনে করি। মানুষের সেবা করাই পুলিশের মূল কাজ। মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলে বাঞ্ছারামপুরকে একটি মাদক ও অপরাধমুক্ত আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
তার এই জনবান্ধব ও কঠোর আইন-শৃঙ্খলা কার্যক্রমের কারণে বাঞ্ছারামপুর মডেল থানা এখন জেলার মধ্যে একটি রোল মডেল হয়ে উঠেছে।