কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারের ব্যবসায়ী মো: শরিফুল ইসলাম টুটুলকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে কুলিয়ারচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে ব্যবসায়ী মো: শরিফুল ইসলাম টুটুল (৩৪) তার দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) তে উল্লেখ করেন, একই গ্রামের মো: সহিদ মিয়ার ছেলে রাজ আহাম্মেদ রকির (৩৭) সাথে পূর্ব থেকেই জায়াগা জমি ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে তাদের বিরোধ চলে আসছে। এই আক্রোশে রকি তাকে নানাভাবে অত্যাচার করে করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২১ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুলিয়ারচর বাজারস্থ জনৈক রঞ্জিত দাসের সরস্বতি ঔষধের দোকানে বসা থাকা অবস্থায় রকি তাকে গালিগালাজ করে। গালিগালাজ করতে বাধা নিষেধ দিলে রকি ক্ষিপ্ত হয়ে টুটুলকে মারধর করে। এছাড়া রাজ আহাম্মেদ রকি রঞ্জিত দাসের সরস্বতি ঔষধের দোকানের টেবিলে থাকা কেচি দিয়ে টুটুলকে মারতে আসে। এসময় আশপাশের লোকজনের সযোগিতায় রকির হাত থেকে প্রাণে রক্ষা পান তিনি। যাওয়ার সময় রকি প্রকাশ্যে হুমকি দেয় আজ বাঁচিয়া গেলি অন্যদিন সুযোগ মতে পাইলে খুন করিয়া ফেলবো।
এঘটনায় ব্যবসায়ী মো: শরিফুল ইসলাম টুটুল বাদী হয়ে গত ২২ জুলাই মো: রাজ আহাম্মেদ রকি’র বিরুদ্ধে মারধরসহ হুমকি ধামকির অভিযোগে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নম্বর- ১০২২।
সাধারণ ডায়েরি করার পর থেকে সাবেক ছাত্রদল নেতা রাজ আহাম্মেদ রকি ব্যবসায়ী শরিফুল ইসলাম টুটুলকে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছেন এমন দাবী করে বলেন, এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এবং অভিযুক্তের ধারাবাহিক হুমকির কারণে তিনি চরম উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন। যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে আশঙ্কা করে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট নিজের নিরাপত্তা নিশ্চিতসহ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
থানা সূত্রে জানা যায়, এর আগে একই দিন ২২ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৌর এলাকার পূর্ব গাইলকাটা গ্রামের মো: সহিদ মিয়ার ছেলে মো: রাজ আহাম্মেদ (রকি) বাদী হয়ে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে একই গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে টুটুল মিয়া (৩৮) ও অন্তর মিয়া (৩২) দ্বয়ের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নম্বর- ৯৯৭।
এসব বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি দু’পক্ষের দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের বিষয় নিশ্চিত করে বলেন, মো: শরীফুল ইসলাম টুটুলের একটি সাধারণ ডায়েরি গ্রহণ করার আগে প্রতিপক্ষ মো: রাজ আহাম্মেদ (রকি)’র একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়। দুটি বিষয় তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।