ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রাজপথে শক্তিশালী শোডাউন করেছে উপজেলা ছাত্রদল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার সমর্থনে এবং উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মনিরুল হাসান আব্দুল্লাহর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মেয়র ব্রিজ অতিক্রম করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিলে ছাত্রদলের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে পুরো পৌর এলাকা মুখরিত হয়ে ওঠে।
এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সাথে জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর নামে স্লোগান দেন তারা।
মিছিলের নেতৃত্বে থাকা মনিরুল হাসান আব্দুল্লাহকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মনিরুল হাসান আব্দুল্লাহ।
তিনি বলেন, “আজকের বিক্ষোভ মিছিলে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে আবেগাপ্লুত করেছে। আপনাদের ভালোবাসা ও অংশগ্রহণ আমাকে আরও অনুপ্রাণিত করেছে। পদ-পদবি বড় কথা নয়, আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ। আপনারা যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন।”
তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে চান। সংগঠনের যেকোনো প্রয়োজনে নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কবির আহমেদ ভূঁইয়ার প্রতি সমর্থন জানিয়ে আব্দুল্লাহর নেতৃত্বে ছাত্রদলের এই কর্মসূচি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।