কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর গ্রামে শিক্ষার মানোন্নয়ন, সার্বিক অগ্রগতি এবং শিক্ষার্থীদের আনন্দময় মিলনমেলা উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ আয়োজন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় ‘তিতাস মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ পরিবার’-এর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি, গজলসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পুরো সাংস্কৃতিক পর্বটি সাবলীলভাবে সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রাসেল আহমেদ ভূইয়া।
দ্বিতীয় পর্বে এলাকার মুরব্বি, অভিভাবক ও সাধারণ জনগণের অংশগ্রহণে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় ও পরামর্শক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিদ্যালয়ের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে গঠনমূলক অভিমত তুলে ধরেন।
বোর্ড অব ডিরেক্টর কমিটির সভাপতি ব্যাংকার সেলিম মেহবুবের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও কাপাশকন্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামের পরিচালনায় এ সভা হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া পর্বে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক রেজওয়ান আরেফিন আসিফ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, পরিচালনা বোর্ডের সদস্য ও সমাজসেবক আলী আহাম্মেদ রিফাত, সমাজসেবক মো. মনিরুল ইসলাম ধনু, জহিরুল ইসলাম মাস্টার এবং সহকারী শিক্ষক রাসেল ভূইয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. হুমায়ুন কবির, পল্লী চিকিৎসক আলী আকবর, মোশাররফ হোসেন মেম্বার, সাহেব আলী কুতুব ও জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী শিক্ষক আফজাল শরীফ ও আলমগীর হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে তিতাস মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ সুনাম ও সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে। করোনাকালীন সময়ে কিছুটা প্রতিকূলতা থাকলেও প্রধান শিক্ষক রেজওয়ান আরেফিন আসিফের নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে। বলরামপুর গ্রামের একমাত্র হাইস্কুল হিসেবে বিদ্যালয়টি এলাকার বহু শিক্ষার্থীকে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করে শিক্ষার আলোয় এগিয়ে নিচ্ছে।