ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা গ্রামে আওয়ামী লীগ নেতা স্বপন চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি এখন নতুন মোড় নিয়েছে। স্থানীয় এলাকাবাসীর ধারণা, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং বিদেশে রাজনৈতিক আশ্রয় এবং সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের জন্য সাজানো একটি নাটক।
বুধবার রাতে ওই বাড়িতে ভয়াবহ আগুন লাগার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় এই গুঞ্জন জোরালো হয়েছে। স্থানীয়দের দাবি, তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে।
এলাকাবাসীর ভাষ্য মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী নিজেদেরকে নির্যাতিত হিসেবে দেখিয়ে বিদেশে রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। সেই উদ্দেশ্যেই নিজ ঘরে আগুন দিয়ে সেই ছবি ও ভিডিও বিদেশে এবং সাধারণ মানুষের কাছে প্রচার করা হচ্ছে। যাতে দেখানো যায়, তারা দেশে নিরাপদ নয়।
এ ঘটনার পেছনে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের নেতা মাসুদ রানা (সুজন) ও তার অনুসারীদের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করছেন অনেকে। মাসুদ রানা সুজনের আওয়ামী লীগের ব্যানারে একটি পোস্টার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
তবে এটি এখন পর্যন্ত স্থানীয়দের ধারণা ও অভিযোগ। এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুনের সূত্রপাত অনুসন্ধান করছে।
বাঞ্ছার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াসিন জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি তা বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলেই প্রকৃত সঠিকটা জানা যাবে। পুলিশ এবং ফায়ার সার্ভিস সেখানে গিয়েছিল।