কিশোরগঞ্জের ভৈরবে জমি সংক্রান্ত জেরে ভাতিজাদের মারধরে চাচী নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশীরা বলেন,আমাদেরও মৃত্যুর ভয় আছে
আমরা কিছুই বলতে পারবো না। গজারিয়া ইউনিয়নে ৮ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী দক্ষিণ পাড়া হাজী বাড়িতে ভাতিজাদের হাতে
মারধরের ঘটনায় আদালত বেগম (৬০) নামে বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় বিভিন্ন শেণি পেশার মানুষ জড়ো হয়ে প্রতিবেশীদের সাথে কথা হলে তার বলেন, এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। আমাদেরও মৃত্যুর ভয় আছে।
নিহত আদালত বেগম ওই এলাকার রেজ্জাক মিয়ার স্ত্রী। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী দক্ষিণ পাড়া হাজী বাড়িতে রেজ্জাক মিয়া, আব্দুল খালেক ও আব্দুর রশীদ—এই তিন ভাইয়ের ৯ শতাংশ জমি রয়েছে। সমান বণ্টন অনুযায়ী তিন ভাই ৩ শতাংশ করে জমি পাবেন। কিন্তু আব্দুল খালেক ও আব্দুর রশীদ মিয়ার ছেলেরা জমি সমানভাবে বণ্টন না করে জবরদখল করে রেখেছে। সেই সম্পত্তি রেজ্জাক মিয়ার পরিবার দাবি করলে তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের বাড়িতে পুলিশ যায়। পুলিশ চলে যাওয়ার পর বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে আদালত বেগমের সঙ্গে তার দেবরের ছেলে শামসুল আমিন, সাইফুল মিয়াসহ কয়েকজনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে আদালত বেগম দৌড়ে গিয়ে বাড়ির পাশে একটি মসজিদের সামনে মোনাজাত ধরে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করেন। পরক্ষণেই তিনি সেখানে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
ভাতিজাদের হাতে চাচীর মৃত্যুর খবরের পর এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আদালত বেগমের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মারধরের পর মসজিদের সামনে আদালত বেগমের মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ বিষয়ে নিহতের ছেলে শাহিন মিয়া জানান, দীর্ঘদিন ধরে তাদের চাচাতো ভাই শামসুল আমিন ও সাইফুল মিয়ার পরিবারের সঙ্গে তিন ভাইয়ের তিন শতাংশ করে মোট ৯ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিকেলে বাড়িতে পুলিশ এসে চলে যাওয়ার পর চাচাতো ভাইয়েরা তার মাকে মারধর করে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ঘটনার সময় আমিসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলাম না। খবর পেয়ে এসে দেখি ও শুনতে পাই আমার মাকে চাচাতো ভাইয়েরা হত্যা করেছে।
এদিকে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে তাদের বাড়িতে গেলে কাউকে খোঁজে পাওয়া যায়নি। এমনকি তাদের মুঠোফোনগুলো বন্ধ পাওয়া যায়। অপর দিকে এবিষয়ে প্রতিবেশিরাও কথা বলতে রাজি হয়নি। তবে তারা বলেন, আমাদেরও মৃত্যুর ভয় রয়েছে। আমরা কিছুই বলতে পারবো না।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, যতটুকু জানতে পেরেছি জমি নিয়ে নিহত আদালত বেগমের সঙ্গে তার দেবরের ছেলেদের দ্বন্দ্ব ছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ৯ অক্টোবর সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।