কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঢাকার ভাটারা থানা পুলিশের যৌথ অভিযানে ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গত ২২ নভেম্বর দিবাগত মধ্যরাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আতিক আহমেদ সৌরভ ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হেলাল উদ্দিন হেলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন তিনি।
কিশোরগঞ্জ জেলা ডিবির ওসি মো. বাহার মিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার পর থেকেই আতিক আহমেদ সৌরভ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ ছাড়া সম্প্রতি ভৈরবের আঞ্চলিক সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল এবং পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পাশাপাশি সম্প্রতি টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত এক কনফারেন্সে যুক্ত হয়ে দেশবিরোধী চক্রান্তে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ওসি আরও জানান, ২২ নভেম্বর রাতে ভাটারা থানা পুলিশের সহায়তায় ওই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।