Logo
শিরোনাম :
ভৈরবে ১০ ফুট লম্ভা গাঁজা গাছ সহ আটক হলেন গাঁজাচাষী হেলাল মিয়া ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
প্রকাশকাল : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পড়াশোনা যার হাতেখড়ি নেওয়ার কথা ছিল বই-খাতা আর কলমে, তার এই কিশোরবেলা কাটছে এখন বাজারের কোনো এক দোকানের পাটাতনে বসে পণ্যের হিসেব কষে। সংসারের অভাবের কষাঘাতে বাধ্য হয়েই ক্লাসরুম ছেড়ে কাজের জগতে নামতে হয়েছে ১১বছরের শিশু ও মেধাবী ছাত্র শাহীনকে। কিন্তু এই করুণ দৃশ্য মেনে নিতে পারছেন না তার বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। শাহীনের চোখে অপার সম্ভাবনা দেখতে পাওয়া ওই শিক্ষকের আকুতি আর নিরন্তন প্রচেষ্টা এখন নাড়া দিয়েছে বহু বিবেকবান মানুষকে।

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর হাজী খুরশিদ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নেছা। বিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহীনের ঝরে পড়া রোধে তিনি দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু তার এই লড়াইয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শাহীনের পারিবারিক চরম সংকট।

খোঁজ নিয়ে জানা যায়, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের প্রতিবন্ধী ও অসহায় মো. শামীম মিয়ার বড় ছেলে মো. শাহীন মিয়া। সে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর হাজী খুরশিদ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির (রোল নম্বর-১) মেধাবী ছাত্র। দুই ভাইয়ের মধ্যে শাহীন বড়; ছোট ভাই মো. নাঈম মিয়া ওরুফে রবিউল ইসলাম (৯) একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম রিকশাচালক বাবা ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড (অচল) হয়ে যাওয়ার পর থেকে ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। মা-ও কোনো কাজ করার সুযোগ পাননি। ভিটেমাটি ছাড়া ফসলি কোন জমাজমিও নেই তাদের। চরম অনটন আর পেটের দায়ে দিশেহারা হয়ে একপর্যায়ে বাধ্য হয়েই মা-বাবা তাদের আদরের বড় সন্তান শিশু শাহীনের লেখা পড়া বন্ধ করে দিয়ে সংসারের ঘানি টানতে ৪ হাজার টাকা মাসিক বেতনে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার ভাগলপুর রশি মার্কেটে আলমগীর মিয়ার একটি দোকানে কাজে পাঠান। বর্তমানে সেই দোকানে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খেটে এই বয়সেই সংসারের হাল ধরতে হচ্ছে অবুঝ এই শিশুকে।

এদিকে অভাবের তাড়নায় মা মাসুদা বেগম নিজেই যেন পরোক্ষভাবে মেনে নিয়েছেন সন্তানের এই নির্মম পরিণতি; সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবার মতো মানসিক শক্তিও যেন ফুরিয়ে এসেছে তাঁর। তবে থেমে থাকেননি শিক্ষক খায়রুন নেছা। মেধাবী ছাত্র শাহীনকে স্কুলে ফিরিয়ে আনতে তাঁর এই ছটফটানি ও অস্থিরতায় সর্বাত্মকভাবে পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর স্বামী আবুল খায়ের রুবেলও। তিনিও নিজ জায়গা থেকে শাহীনের পড়াশোনা টিকিয়ে রাখতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

একদিকে পেটের দায়ে দিশেহারা জন্মদাত্রী মায়ের নীরবতা, অন্যদিকে একজন শিক্ষকের বুকভরা হাহাকার-এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে খায়রুন নেছার মধ্যে জেগে উঠেছে এক অনন্য মাতৃত্বের রূপ, যা ছুঁয়ে গেছে আশপাশের প্রতিটি সংবেদনশীল হৃদয়কে।

শিক্ষক খায়রুন নেছা আকুতি জানিয়ে বলেন, “শাহীনের চোখে আমি এক উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাই। তাকে যেকোনো মূল্যে আমাদের স্কুলে ফেরাতেই হবে।”

শাহীনের মতো সম্ভাবনাময় একটি শিশুর জীবন থেকে এই অন্ধকার দূর করতে, শিক্ষকের এই নতুন জেগে ওঠা মাতৃত্বকে সম্মান জানাতে এবং হতভাগা মায়ের বুকে প্রকৃত মাতৃত্বের স্বস্তি ফিরিয়ে দিতে-কাজটি যত কঠিনই হোক না কেন, দায়িত্বশীল সকলের দ্রুত ও ফলপ্রসূ পদক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী ও সচেতন মহল।

বিতর্ক মঞ্চের প্রধান উদ্যোক্তা রাকিবুল হান্নান মিজান বলেন, আমি জীবনের অনেকটা সময় বিতর্কের মাধ্যমে তৃণমূলের শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করেছি। তাই কুলিয়ারচর তথা সারা দেশে কোন মেধাবী কিংবা সাধারণ শিক্ষার্থীর লেখাপড়ার সুযোগ বন্ধ হয়ে গেলে আমি অনেক কষ্ট পাই। মেধাবী শিক্ষার্থী শাহীনের শিক্ষার পথ সুগম হলে আশাবাদী হবে আরো অনেক সুযোগ বঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষার্থীর মা-বাবা।

এব্যাপারে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, শিশু শাহীনের পড়াশোনা বন্ধ হয়ে শ্রমে যুক্ত হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন ব্যাহত হোক, তা আমরা চাই না। শাহীনের পড়াশোনা পুনরায় চালু করা এবং তার পরিবারের আর্থিক সংকট নিরসনপূর্বক কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কার্যালয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। আমাদের প্রত্যাশা, শাহীন আবারও বিদ্যালয়ে ফিরে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host