কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে লাশের সন্ধানে ফায়ার সার্ভিস আর পুলিশের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় ভাসমান লাশের বদলে পাওয়া গেল ময়লার বস্তা। এসময় ভাসমান লাশ দেখতে ব্রিজ ও নদীতীরে হাজারো উৎসুক জনতা ভীড় জমায়।
জানা যায়, আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে নয়টার সময় চন্ডিবেড় ও কালিপুর সংযোগ সেতুর নিচে রক্তাক্ত দুটি ভাসমান বস্তা দেখে এলাকাবাসীর সন্দেহ জাগে কোন ধরনের হাত্যাকান্ড সংগঠিত হয়ে থাকতে পারে। এমন সন্দেহে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দুটি ভাসমান বস্তা ও রাস্তায় রক্ত দেখতে পায়।এই সময় একটি বস্তা ডুবে গেলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে। পরে ডুবুরিরান নদীতে নেমে বস্তাদুটি উদ্ধার করার পর দেখে ময়লা আবর্জনায় ভর্তি। রক্তের সন্ধান করে তথ্য মিলে রাতে এখানে একটি শিয়ালকে হত্যা করে এলাকাবাসী, তারই রক্ত রাস্তায় লেগে রয়েছে।
নদী ফায়ার সার্ভিস টিম লিডার তোফাজ্জল হোসেন বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা নদীতে লাশ উদ্ধার অভিযান চালাই। পরে দুটি বস্তা উদ্ধার করে খুলে দেখি বস্তা দুটি ময়লায় ভর্তি।
ডুবুরি সেলিম মিয়া বলেন, নদীতে দুটি বস্তা ভাসতে দেখে আমাদের খবর দেয়। খবর পেয়ে আমরা নদী থেকে বস্তাদুটি উদ্ধার করে দেখি ময়লার বস্তা।
ভৈরব থানার উপপরিদর্শক রাকিব বিন ইসলাম বলেন, নদীতে দুটি বস্তা ভেসে আছে এমন সংবাদের ভিত্তিতে আমরান এখানে এসে ভাসমান বস্তার সত্যতা পাই। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল নদী থেকে বস্তা দুটি উদ্ধার করে দেখে ময়লা ভর্তি। আসলে লাশের বিষয়টি ছিল একটা গুজব।