বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের কাছে নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করলেন কিশোরগঞ্জের ভৈরবের সাবেক কাউন্সিলর আল আমিন সৈকত (৪৩) এর পরিবার। ২৯ আগস্ট শনিবার অপরাধ নির্মূল ও দ্রুত অপরাধী শনাক্ত করতে ভৈরব বাজার শহর ফাঁড়ি থানা চত্বরে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন করতে আসলে সেখানে দেখা করেন আল আমিন সৈকতের মা ও স্ত্রী সন্তানরা।
অশ্রুসিক্ত কণ্ঠে মায়ের দাবি ছেলের হত্যাকাণ্ডের বিচার পাওয়া। স্ত্রী-সন্তানদের একই দাবি অপরাধীদের দ্রুত বের করে আইনের আওতায় এনে ফাঁসি কাষ্ঠে ঝুলানো।
আল আমিন সৈকতের পরিবারের সাথে কথা বললেন ও তাদের পরিবারের একমাত্র ভরসা সাবেক কাউন্সিলরকে হত্যার ঘটনার বিচারের আশ্বাস দিয়ে ও বিচার নিশ্চিত করতে থানা পুলিশকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী শরীফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন এবং সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মুহাম্মদ জাহিদুল হক জাবেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, আমাদের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম একজন জনবান্ধব নেতা। আল আমিন যেই দলই করুক তাকে যারাই মেরেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে বলে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের বের করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরো বলেন, আল আমিন হত্যাকাণ্ডটি তাদের পারিবারিক জমিসংক্রান্ত জেরে হয়েছে। আল আমিনকে ঠকিয়ে আমরা তার ফুফুদের সাথে চাচাদের সম্পত্তির ভাটোয়ারার বিষয়টি মিট করে দিয়েছিলাম। একটা কুচক্রী মহল আল আমিন হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে চালিয়ে দিতে চেয়েছিল। আমি এর তীব্র নিন্দা জানায়। আমরা ভৈরব বিএনপি চাই আল আমিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার কাজ সম্পন্ন হোক।
জানা যায়, ২৩ আগস্ট রোববার রাত সাড়ে ১১টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন আল আমিন সৈকত। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১১টা ৪২ মিনিটে রমজান মিয়ার হাউলির ভেতর দিয়ে বাড়ির দিকে যাওয়ার মুহূর্তে রাত ১১টা ৪৩ মিনিটে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। রাত ১১টা ৪৬ মিনিটে মোটরসাইকেলে করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। হামলায় গুরুতর জখম হন আল আমিন সৈকত। স্থানীয়রা তাকে উদ্ধার ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত আল আমিন সৈকত ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এবং জেলা সার সংগঠন বিএফএ’র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সার ও রাইস মিল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পর থেকে সিসি ক্যামেরায় অপরাধীদের শনাক্ত করেছে। তাদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। আশা করছি শীঘ্রই আসামিরা গ্রেফতার হবে।