ভৈরবে রেলওয়ে জংশনে ট্রেনের পাওয়ার কারের এসি বগিতে ছাদে উপরে বিশেষ কায়দায় রক্ষিত সাড়ে ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার ২ জুলাই রাত ৯টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার এসি বগির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় এ গাঁজা উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ আহমেদ।
রেলওয়ে পুলিশ জানায়, ২ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় বিপুল পরিমাণ গাঁজার একটি চালান যাচ্ছে। ট্রেনটি রাত ৯টায় ভৈরবে থামলে রেলওয়ে পুলিশ ট্রেনের ছাদে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা পুলিশের অভিযান টের পেয়ে গাঁজার পুঁটলি গুলো ট্রেনের পাওয়ার বগির ছাদে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৯টি পোটলায় দুই কেজি করে মোট সাড়ে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে। প্যাকেটগুলোর মধ্যে দুইটিতে দুইশ গ্রাম করে ও একটির মধ্যে ১০০ গ্রাম কম রয়েছে।
এ বিষয়ে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, ট্রেনের ছাদের উপরে লুকিয়ে রাখাছিল সাড়ে ১৭ কেজি গাঁজা। মাদক পাচারের ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যপারে রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদক পাচারকারীরা ট্রেনের ভিতরে ও উপরে বিশেষ কায়দায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য লুকিয়ে রাখে। তারা মাদকের কাছাকাছি অবস্থান করলেও মাদক থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে। সেই সাথে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। প্রায় সময় তারা ধরাছোঁয়ার বাইরে থাকে।