স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ব্যানার, পোস্টার ও বিলবোর্ড সাঁটিয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। এর মধ্যে পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ সাংবাদিক ও রাজপথের লড়াকু রাজনৈতিক ব্যক্তিত্ব সাকিব হাসান (পাভেল) ওরফে শেখ নওয়াজ শরীফুল ইসলাম (পাভেল)। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে ইতিমধ্যে তিনি ব্যাপক গণসংযোগে নেমে পড়েছেন।
১৯৮৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করা সাকিব হাসান (পাভেল) পূর্ব গাইলকাটা মহল্লার বাসিন্দা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রয়াত সিনিয়র সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক এস.এ.এম আব্দুস সাদেক-এর সন্তান। অত্র এলাকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে একজন শিক্ষিত ও যোগ্য নেতৃত্বের যে দীর্ঘদিনের দাবি ছিল, পাভেল তার অনন্য উদাহরণ। ব্যক্তিগত জীবনে পাভেল একজন সদালাপী, সমাজসেবক এবং অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর।
তিনি কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি (কমার্স), কুলিয়ারচর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচ.এস.সি (কমার্স) ও বি.এস.এস (সমাজ বিজ্ঞান) সম্পন্ন করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের সরকারি আদমজী নগর এম.ডব্লিউ কলেজ থেকে এম.এস.এস (সমাজ বিজ্ঞান) ডিগ্রি অর্জন করে তিনি ব্যবসায় আত্মনিয়োগ করেন। একজন পেশাদার ও তরুণ সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন এবং এলাকার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে তার কলম সবসময় সোচ্চার থেকেছে।
তৃণমূল থেকে উঠে আসা এই নেতা ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি দীর্ঘ সময় ধরে জনগণের অধিকার রক্ষায় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তিনি কুলিয়ারচর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের (১ম বর্ষ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২য় বর্ষে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কুলিয়ারচর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্যও ছিলেন তিনি। বর্তমানে তিনি কুলিয়ারচর পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক।
কাউন্সিলর পদপ্রার্থী সাকিব হাসান (পাভেল) বলেন, ” ৪ নং ওয়ার্ডের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতসহ এই ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। তিনি আরো বলেন, এলাকার উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যুবসমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে আমি এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। কারন, দীর্ঘদিন সাংবাদিকতা ও রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করেছি, এবার ব্যালটের মাধ্যমে আপনাদের প্রতিনিধি হয়ে সেবার পরিধি আরও বাড়াতে চাই। আমি দলমত নির্বিশেষে ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সাকিব হাসান (পাভেল) একজন উচ্চ শিক্ষিত, মার্জিত ও পরিচ্ছন্ন ইমেজের নেতা। একজন তরুণ সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় এলাকার উন্নয়ন, মাদক নির্মূল এবং তরুণ সমাজের কর্মসংস্থানে তিনি অগ্রণী ভূমিকা রাখতে পারবেন বলে সাধারণ মানুষ আশা করে বলেন,
সাকিব হাসান (পাভেল) ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে একজন যোগ্য প্রার্থী। তার এই প্রার্থিতার ঘোষণায় ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ৪ নং ওয়ার্ডে সাকিব হাসান (পাভেল)-এর পক্ষে জনসমর্থন ও জোয়ার ততই দৃশ্যমান হচ্ছে।