হাটহাজারী থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ আটক
চট্টগ্রামের হাটহাজারী থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ আইয়ুব (২৩) মাদক কারবারীকে আটক করেছে র্যাব সদস্যরা। আটককৃত আইয়ুব হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়ার মোঃ সিদ্দিকের ছেলে বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকায় এস আলম মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আইয়ুবকে আটক করা হয়।
পরে গাড়িটির যাত্রী আসনের নিচে বিশেষ কায়দায় রক্ষিত কালো স্কচটেপে মোড়ানো ৯টি বান্ডিল থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।