সারা বিশ্বের ন্যায় চলমান ফুটবল বিশ্বকাপ উন্মাদনার ঢেউ লেগেছে বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চলের আনাচে কানাচেও। ক্রীড়া প্রেমী দর্শকদের পছন্দের দল ও সে দেশের পতাকা নিয়ে কত কিছুই না করছেন নিজ পছন্দের দলের ভক্ত দর্শকেরা। ফুটবল নিয়ে এমন একটি আবেগ আর উন্মাদনার ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের খাল্লা গ্রামে।
দক্ষিণ কোরিয়া দলের সমর্থক আবু কাউছার মিন্টু মিয়া। দলকে ভালোবেসে তিনি এবার ৫ কিলোমিটার দৈর্ঘ্য দক্ষিণ কোরিয়া দলের পতাকাটা টানিয়ে এলাকায় তাক লাগিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামে গিয়ে দেখা যায় পুরো গ্রামের রাস্তা দক্ষিণ কোরিয়া দলের পতাকা দিয়ে টাঙানো।
দক্ষিণ কোরিয়া দলের প্রতি ফুটবল ভক্ত মিন্টুর অনুরাগ দেখে এলাকাবাসীও তার সঙ্গে একমত পোষণ করে দক্ষিণ কোরিয়া দলের সাফল্য কামনা করছেন।
মিন্টু ও পরিবারের সদস্যরা জানান, জীবিকার তাগিতে ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়া পাড়ি জমান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামের বাসিন্দা আবু কাউছার মিন্টু ২০০২ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপটি তিনি সে দেশের গ্যালারিতে বসেই দেখেন।
এসময় দক্ষিণ কোরিয়া ফুটবল দলের তৎকালিন আলোচিত খেলোয়াড় আঞ্জুয়ানের ক্রীড়া নৈপুণ্য দেখে তিনি মুগ্ধ হন। এরপর থেকে দক্ষিণ কোরিয়া ফুটবল দলের ভক্ত হয়ে যান তিনি। পরে ২০১৩ সালে দেশে ফিরে আসেন।
বর্তমান মিন্টু মিয়া নিজ গ্রামে তৈরি করেছেন,পিস কোরিয়া ক্যাফে নামে একটি রেষ্টুরেন্ট। ওই ক্যাফের কাপ, প্লেইট ও মগের মধ্যে দক্ষিণ কোরিয়া দলের পতাকা দেখা যায়। দীর্ঘ সময় প্রবাস থেকে ফিরলেও দক্ষিণ কোরিয়া দলের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা কমেনি তার।