ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নতুন কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও শঙ্কা দেখা দিয়েছে। অনেকেই এই কমিটিকে ‘সিন্ডিকেট’ হিসেবে আখ্যায়িত করছেন।
স্থানীয় ভুক্তভোগী ও জমির দাতা-গ্রহীতাদের অভিযোগ, দলিল লেখক সমিতি গঠন হলেই সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা বলেন, “দলিল লেখক সমিতি মানে সিন্ডিকেট। এখানে সবকিছুই সিন্ডিকেটের মাধ্যমে চলে। একবার কমিটি হলে তাদের কথাই শেষ কথা। জমির প্রকৃত দাতা-গ্রহীতার কোনো কথাই আর শোনা হয় না।”
তাদের আরও অভিযোগ, সিন্ডিকেটের কারণে দলিল লেখার ফি বেড়ে যায়, অতিরিক্ত টাকা দাবি করা হয় এবং সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ে। নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা না দিলে দলিল লেখা বা সাব-রেজিস্ট্রি অফিসের কাজে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়।
এলাকার সচেতন মহল বলছেন, মানুষ এখন এই সিন্ডিকেট থেকে বাঁচতে চায়। একটি উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ থাকলে সেবার মান বাড়বে এবং খরচ কমবে। কিন্তু সমিতির নামে সিন্ডিকেট তৈরি হলে তার উল্টোটা ঘটে।
এ বিষয়ে একজন প্রবীণ দলিল লেখক বলেন, সমিতি থাকা দরকার শৃঙ্খলার জন্য, কিন্তু সেটা যেন সিন্ডিকেটে পরিণত না হয়। সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
এলাকাবাসীর দাবি, প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সাথে দেখা। যাতে নতুন কমিটি কোনোভাবেই সিন্ডিকেটে পরিণত হয়ে সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয় এবং সাব-রেজিস্ট্রি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়।