কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় (পুরুষ) মরদেহ উদ্ধার করেছে ভৈরব নৌ থানার পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) ভৈরব ফেরিঘাট ও আশুগঞ্জ ফেরিঘাটের মধ্যবর্তী মেঘনা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ি থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
উদ্ধারের সময় মরদেহের পরনে ছিল চেক ট্রাউজার এবং হাতে একটি ঘড়ি।
এ বিষয়ে ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটির পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।