কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশাল মিয়া (২২) ও রহিমা বেগম (২০) নামের দুই তরুণ-তরুণী আহত হয়েছেন। এ সময় তাঁদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এদের মধ্যে গুরুতর আহত বিশালকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
হাসপাতালের খাতায় বিশালের বাবার নাম মোয়াজ্জেম এবং ঠিকানা ভৈরবের চণ্ডীবের উল্লেখ করা হয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, বিশাল পৌর শহরের চণ্ডীবের এলাকার জনৈক সহিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত বিশাল ও তাঁর সঙ্গী রহিমার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বিশালের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে রহিমার আঘাত গুরুতর না হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
এলাকাবাসী জানান, সন্ধ্যার দিকে বিশাল ও রহিমা মেঘনা নদীর ত্রি-সেতু এলাকায় ঘুরতে আসেন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। সেতু এলাকা থেকে কিছুটা এগোতেই গরুর বাজার এলাকার দুই ছিনতাইকারী তাঁদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে বিশালের বাম ঊরুতে আঘাত করে মারাত্মক জখম করে এবং সঙ্গী রহিমা কাঁধে আঘাত পেয়ে আহত হন। এরপর তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আরমান মিয়া বলেন, ভৈরবের একটি পর্যটন এলাকা মেঘনা ব্রিজ এলাকা। তবে এই এলাকাটি ছিনতাইয়ের জন্যও আতঙ্কিত এলাকা। আমরা স্থানীয়রা এই এলাকায় নিরাপদ নই। প্রশাসনের নড়বড়ে অবস্থার কারণে ভৈরবে ছিনতাইকারীরা সক্রিয়। আহত ছেলেটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে, মনে হয় বাঁচবে না।
এ বিষয়ে মেঘনা ব্রিজ এলাকার কফি হাউজ মালিক ফারুক মিয়া জানান, আমাদের কফি হাউজের আশপাশে ছিনতাই হয় না। ছিনতাই বেশি হয় নির্জন এলাকায়। খবর পেয়ে দৌড়ে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়া তরুণ-তরুণীকে উদ্ধার করি। তরুণ ছেলেটির ঊরুতে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তরুণীটিও ছুরিকাঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমার কফিশপ থেকে গামছা নিয়ে ছেলেটির পায়ে প্যাঁচিয়ে স্থানীয়দের সহায়তায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। যতটুকু বুঝতে পেরেছি তাঁদের সর্বস্ব লুট করে নিয়ে গেছে ছিনতাই চক্র।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, লোকমাধ্যমে ছিনতাইয়ের ঘটনা ও ভুক্তভোগীদের আহতের বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও খবর নেওয়া হয়েছে। আহত ছেলেটিকে ঢাকায় রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।