কিশোরগঞ্জের ভৈরবে মাদক নির্মূলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। ২১ জুলাই মঙ্গলবার সকাল ৮টায় পৌর শহরের আমলা পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে স্বামী-স্ত্রী ও শ্যালকসহ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে হেরোইন ও ইয়াবাসহ নগদ টাকা উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা এসআই শক্তি পদ মৃধা।
এ সময় সাথে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ আহমেদ শাওন, সরকারি হাজী আসমত কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হান্নান আহমেদ হিমুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো পৌর শহরের আমলা পাড়া এলাকার ঝারু মিয়ার ছেলে সিজন মিয়া (৩২) ও তার স্ত্রী হাসি আক্তার মিম (২৬) ও শ্যালক আসিফ মিয়া (২৪)। আসিফ একই এলাকার সাহবুদ্দিন মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সিজন মিয়া ও তার স্ত্রী-শ্যালক দীর্ঘদিন যাবত আমলা পাড়া এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। স্থানীয়দের অভিযোগ তাদের বাড়ির সামনে প্রতিদিন কয়েক শতাধিক মাদকসেবী আসা যাওয়া করে। ২১ জুলাই সকালে একটি রাস্তা সংস্কার কাজের পরিদর্শনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম গেলে স্থানীয়রা দৌড়ে এসে তাকে মাদকের বিষয়টি অবগত করেন। পরে আরিফুল ইসলাম তার নেতৃত্বে থানা পুলিশকে সাথে নিয়ে সিজন মিয়া বাসায় অভিযান পরিচালনা করে ১০০ পুরিয়া হেরোইন, ১১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লক্ষ ৪৭ হাজার ৬শ ৪০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, আমলা পাড়া এলাকায় একটি রাস্তার কাজ দেখে গেলে স্থানীয়রা আমাকে অভিযোগ জানায়। বিষয়টি আমি থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসলে আমি মাদককারবারিদের ঘরে গিয়ে মাদকের সত্যতা পাই। পুলিশ একই পরিবারের তিনজনকে ধরে নিয়ে যায়।
তিনি আরো বলেন, ভৈরব থেকে মাদক নির্মূল করতে ও আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম মহোদয়ের নির্দেশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ভৈরবের প্রশাসনকে সহযোগিতা করছি। আমি আমার দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মাদক ও ছিনতাইসহ যে কোন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার রয়েছি।
এ বিষয়ে ভৈরব থানার এসআই শক্তি পদ মৃধা বলেন, গ্রেপ্তারকৃত সিজন মিয়া ও তার স্ত্রী হাসি আক্তার মিম ও শ্যালক আসিফ মিয়া দীর্ঘদিন
যাবত আমলাপাড়া এলাকায় মাদক কারবার করে আসছে। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে। ভৈরবে মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।