পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং পতিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সহিংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর বিএনপি।
আজ বিকাল ৪ ঘটিকায় বাঞ্ছারামপুর কেন্দ্রীয় বিএনপির পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো পৌর এলাকা। “আওয়ামী লীগের নৈরাজ্য, মেনে নেওয়া যাবে না”, “ছাত্রলীগের সন্ত্রাস, রুখে দাঁড়াও জনতা”, “ছাত্রলীগ হুশিয়ার সাবধান সহ নানা স্লোগান দেন তারা।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশ ছেড়ে পালালেও তাদের দোসররা এখনো দেশের ভেতরে থেকে পরিকল্পিতভাবে সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের এই নৈরাজ্য কোনভাবেই মেনে নেওয়া হবে না। বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।
বক্তারা আরও বলেন, ছাত্রলীগ, যুবলীগ নামধারী সন্ত্রাসীরা যদি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, তাহলে বাঞ্ছারামপুরের মাটিতেই তাদের প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি সর্বদা প্রস্তুত।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুছা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামাল আহমেদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম মুন্না, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক কালা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আক্কাস, পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাবিল আহাম্মেদ,পৌর কৃষকদলের সাবেক সভাপতি মীর মোশারফ বকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাসু, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবেদ, যুবদল নেতা মোহাম্মদ শরীফ, সফর আলী, সোহেল সহ পৌর বিএনপি ও ৯টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।