ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামের পূর্ব পাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্থানীয় লোকজনের টেলিফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ এই অভিযান চালায়।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম স্বপ্না আক্তার। তিনি ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামের মোমেন মিয়ার স্ত্রী এবং মৃত মনু মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে টেবিলে রাখা ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই নারী এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।