কিশোরগঞ্জের কটিয়াদীতে ঢাক ঢোল বাজিয়ে বাবার শেষ ইচ্ছে পুরন করার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। শত বছর বয়েসি সামছুদ্দিন মিয়া বার্ধক্য জনিত কারণে মারা গেলে তার পরিবারের লোকজন এ আয়োজন করেন। ৭ জুন রবিবার দুপুরে কটিয়াদি পৌর এলাকার কাহেতেরটেকী মহল্লায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে এবং নিহতের পরিবারের লোকজনকে বুঝানোর পর মুসলমান রীতি অনুযায়ী লাশ কবরস্থ করা হয়।
এলাকাবাসী ও নিহতের স্বজন সুত্রে জানা যায়, শত বছর বয়েসি সামছুদ্দিন বার্ধক্যজনিত কারণে মারা যান। লাশ সামনে রেখে তার ছেলেরা ঢাক ঢোল আর নেচে নেচে দাফনের উদ্যোগ নিচ্ছিলেন। যা স্থানীয়দের মধ্যে বিস্ময় ও অসন্তোষের জন্ম দেয়। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন সংবাদ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারে স্থানীয়রা। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। পরে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের বাড়িতে গিয়ে সামছুদ্দিন মিয়ার দুই ছেলেকে ইসলামের রীতিনীতি বুঝানোর পর তারা তাদের পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসে। ইসলাম ধর্মের নিয়ম কানুন মেনে দাফনকার্য শেষ করেন। মরহুম সামছুদ্দিনের পরিবারের সদস্যরা প্রয়াত পীর গাজী আকবর আলায়ী রিজভী ভক্ত ছিলো।
মরহুমের দুই ছেলে খায়রুল ইসলাম ও নাজিমুদ্দিন বলেন, পিতার শেষ ইচ্ছা ছিলো তিনি মারা গেলে ঢাক ঢোল বাজিয়ে যেন তার লাশ দাফন করা হয়। তাই আমরা এমন উদ্যোগ নিয়ে ছিলাম। মুসলমান ধর্মে এ রীতি সম্পূর্ণ নিষেধ। স্থানীয় আলেম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মুরুব্বিরা আমাদেরকে বুঝানোর পর আমাদের পূর্ব সিদ্ধান্ত থেকে বিরত হই এবং মুসলমান ধর্মের রীতি মোতাবেক বাবার লাশ দাফন করি। তবে এ নিয়ে এলাকাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।