Logo

নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার ২৫ বছর পূর্তি ২০২৬ উদ্‌যাপিত

নিউজ ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ১ জুন, ২০২৬

নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার ২৫ বছর পূর্তি ২০২৬ উদ্‌যাপিত

অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উৎসব-২০২৬। ৩১ মে (রবিবার) ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদ্‌যাপিত হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আল ইনশাফ স্পেশালাইজড হাসপাতালের সহযোগিতায় সকাল ১০টায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রমের উদ্‌বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।
দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় স্মরণিকার মোড়ক উন্মোচন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রেষ্ঠ সড়ক যোদ্ধা সম্মাননা প্রদান, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ, নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান। পরে জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওছার, নারায়ণগঞ্জ শ্রম আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি এরফানুল হক নাহিদ, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কাইয়ুম খান, সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ মিয়া, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহীন, নিসচা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ফিরোজ উদ্দিন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. তোফাজ্জল হক, নিসচার পৃষ্ঠপোষক ভিপি সাইফুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নূরুজ্জামান এবং রজতজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও নিসচার সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সুজন।
অনুষ্ঠানে শোক প্রস্তাব উপস্থাপন করেন নিসচার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শবনম প্রিয়াঙ্কা ও তামান্না। এছাড়াও সংগীত পরিবেশন করেন ফজলুল হক, মুন্নী সাহা ও পূজা দাস।
নিরাপদ সড়ক আন্দোলনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ সড়ক যোদ্ধা’ সম্মানে ভূষিত হন নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন। এছাড়া ভৈরব শাখা কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ সড়ক যোদ্ধা হিসেবে সম্মাননা লাভ করেন সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন ও সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের হাতে অ্যাওয়ার্ড ও সনদপত্র তুলে দেন।
আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে রং-বেরঙের বেলুন উড়িয়ে দ্বিতীয় অধিবেশনের উদ্‌বোধন করা হয়। নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নারায়ণগঞ্জ শ্রম আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, “নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা শুধু ভৈরবেই নয়, সারা দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য ও অনুকরণীয় সংগঠন। এ সংগঠন চারবার জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে। এছাড়া ভৈরব শাখার প্রতিষ্ঠাতা মো. আলাল উদ্দিন এ বছর দেশসেরা শ্রেষ্ঠ সড়ক যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এটি ভৈরববাসীসহ আমাদের সবার জন্য গৌরবের বিষয়।”
তিনি নিরাপদ সড়ক চাঁইয়ের সকল কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে মরহুম জাহানারা কাঞ্চনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রজতজয়ন্তী উৎসবে নিসচার নারী সদস্যরা একই রঙের শাড়ি এবং পুরুষ সদস্যরা একই রঙের পাঞ্জাবি পরিধান করে অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানকে আরও বর্ণিল, আকর্ষণীয় ও উৎসবমুখর করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host