Logo

নাতির অত্যাচারে ট্রেনের নিচে ঝাপ দিয়ে নানীর আত্মহত্যা

মিজানুর রহমান পাটোয়ারী
প্রকাশকাল : শনিবার, ৩০ মে, ২০২৬
Oplus_131072

নাতির অত্যাচারে ট্রেনের নিচে ঝাপ দিয়ে নানীর আত্মহত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকাসক্ত নাতীদের অত্যাচারে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মোর্তুজা বেগম (৬৫) নামে বৃদ্ধা আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত নারী কুলিয়ারচর থানাধীন খরকমারা গ্রামের মৃত জিল্লু মিয়ার স্ত্রী। আজ ৩০ মে শনিবার দুপুর আনুমানিক দুইটার সময় কুলিয়ারচর স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, মর্তুজা বেগমের মেয়ে জাহানারা বেগম (৩৮) এবং তার দুই ছেলে মাদকাসক্ত রাকিব মিয়া (১৮) ও সাকিব মিয়া (১৫) মাদকের টাকার জন্য প্রায়ই বৃদ্ধার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। গত ২৯ মে (শুক্রবার) রাতেও টাকার দাবিতে নাতিরা তাকে প্রচুর মারধর করে। নাতিদের মাদক সেবন এবং ঘরে প্রায়ই ঝগড়া ও হট্টগোলের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন প্রতিবেশীরা। একপর্যায়ে এলাকাবাসী মর্তুজা বেগম ও তার পরিবারকে ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। একদিকে নাতিদের নির্যাতন, অন্যদিকে মাথা গোঁজার ঠাঁই হারানোর শঙ্কায় পুরোপুরি অসহায় হয়ে পড়েন ওই বৃদ্ধা। ​​অসহায় নারী মর্তুজা বেগম কোন সুরাহা না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়রা আরো জানায়, মর্তুজা বেগম দীর্ঘদিন ধরে কুলিয়ারচরের সাবেক চেয়ারম্যান মৃত মিল্লাত মিয়ার বাড়িতে মেয়ে ও নাতিদের নিয়ে বসবাস করে আসছিলেন। একসময় মানুষের বাড়ি বাড়ি কাজ করলেও বয়সের ভারে বর্তমানে তিনি ভিক্ষা করে সংসার চালাতেন।

প্রত্যক্ষদর্শী জনৈক নারী বলেন, দেখলাম দুইজন নারী রেললাইন ধরে হাঁটছিল। ট্রেন কাছে আসতেই বৃদ্ধা নারীটি রেললাইনের ওপর শুয়ে পড়েন। ট্রেন চলে গেলে দেখি ওই বৃদ্ধা দ্বিখণ্ডিত হয়ে আছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া বলেন, সকালে মর্তুজা বেগম নাতিদের অত্যাচার ও টাকার চাপের বিচার নিয়ে আমার কাছে এসেছিলেন। তিনি বারবার বলছিলেন টাকার জন্য এভাবে চাপ দিলে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেবেন। কথা বলতে বলতেই তিনি হঠাৎ দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন।
নিহতের বোন জুমিলা বেগম বলেন, আমার বোনটাকে ওর নাতিরা মাদকের টাকার জন্য প্রতিনিয়ত অত্যাচার করত। তার ওপর স্থানীয় লোকজনও তাদের বাড়ি ছেড়ে দিতে চাপ দেয়। এই তীব্র মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই ও আত্মহত্যা করেছে।
এ বিষয়ে ​ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক দিদার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। লাশের সুরুৎহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host