কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আকবর নগর ও মিরারচর এলাকার আলোচিত সংঘর্ষ এবং দুই প্রাণহানির ঘটনায় অভিযুক্ত এক নারী আসামি জামিনে মুক্ত হওয়ার পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার ছবি ও ভিডিও ফেসবুকে প্রচার করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে আমাদের সমাজ ব্যবস্থার বর্তমান নৈতিক অবক্ষয় এবং মূল্যবোধ নিয়ে।
জানা যায়, একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে আকবর নগর ও মিরারচর এলাকার দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তুচ্ছ এই বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষে দুটি তাজা প্রাণ ঝরে পড়ে এবং দুটি পরিবার তাদের প্রিয়জনকে হারিয়ে শোকাচ্ছন্ন হয়ে পড়ে। ওই সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন এক নারী। সম্প্রতি আইনি প্রক্রিয়ায় তিনি জামিনে মুক্তি লাভ করেন।
আদালত থেকে ওই নারী জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার পর এলাকার কিছু মানুষ তাকে ফুলের মালা ও তোড়া দিয়ে বরণ করেন। ছোট থেকে বয়স্ক-সব বয়সের মানুষের এই উল্লাস ও উচ্ছ্বাসের ছবি ও ভিডিও মুহূর্তেই ফেসবুকের নিউজফিডে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, “যাকে দেখছেন তিনি বড় কোনো অস্কার অর্জন করেননি বা দেশের জন্য অসাধারণ কোনো কীর্তিও গড়েননি। অথচ দুই পরিবার দুজন মানুষকে হারাল, আর সেই ঝগড়ায় আটককৃত আসামি জামিনে মুক্তি পাওয়ায় এই উল্লাস! এভাবে ফুলের মালা দিয়ে বরণ করা সমাজব্যবস্থা কীভাবে নিচ্ছে?”
আইনি বনাম সামাজিক বার্তা
আইনজীবীদের মতে, জামিন পাওয়া মানেই আদালতে অভিযুক্ত ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়া নয়। এটি কেবল মামলার বিচার চলাকালীন আদালত কর্তৃক প্রদত্ত একটি আইনি অধিকার। মামলার সত্য-মিথ্যা নির্ধারিত হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে।
কিন্তু আইনি এই প্রক্রিয়াকে না বুঝে বা উপেক্ষা করে অভিযুক্তকে যেভাবে বরণ করা হয়েছে, তা সমাজে এক নেতিবাচক বার্তা ছড়াচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। সমালোচকদের প্রশ্ন-ক্রাইম বা সংঘাতের সাথে জড়িত ব্যক্তিরাও কি তবে সমাজে বাহবা পাবেন? বিচারপ্রার্থী ও নিহতের পরিবারগুলোর কষ্টের কথা একবারও না ভেবে এমন উন্মাদনা সমাজকে কোন অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন।