ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোররাতে ২ পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী টেঁটা যুদ্ধের ঘটনা ঘটেছে। সংঘর্ষে জুয়েল রানা (২০) নামে এক যুবক নিহত সহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে শান্তিপুর এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষ্যা গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে *আমির হোসেন এবং মোক্তারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ও ডাকাত, যারা নরসিংদী থেকে ভাড়াটিয়া হিসেবে আনা হয়েছে,* তারা দেশীয় অস্ত্র টেঁটা, বল্লম নিয়ে শান্তিপুরের সাধারণ মানুষের উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই জুয়েল রানা নিহত হন। এসময় গুরুতর আহত হন সোহেল মিয়া (৪০), ফারুক মিয়া (৪২), সুমন (৩৫) ও সাহ পরান (২২)।
আহতদের প্রথমে ৫০ শয্যা বিশিষ্ট বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সকলকে “পুলিশ কেস” হিসেবে চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর থেকে শান্তিপুর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।