কিশোরগঞ্জের ভৈরবে থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল বিস্ফোরণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০ নভেম্বর ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত ১০টা ১০ মিনিটের দিকে ৬ থেকে ৭টি মোটরসাইকেলযোগে ১৩-১৪ জন দুষ্কৃতকারী দুর্জয় মোড় হয়ে ভৈরব থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর আসে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এলোপাতাড়ি কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে নরসিংদীর দিকে পালিয়ে যায়।
খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে কিলো-৯৯ ডিউটিতে থাকা এসআই মো. সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরদিন ১১ নভেম্বর সকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল তল্লাশি করে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ (গাঢ় সবুজ রঙের টিনের কৌটা, ৩৬টি লোহার তারকাঁটা এবং লাল রঙের স্কচটেপের টুকরা) জব্দ করা হয়।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে আসামি করা হয়েছে। এ ছাড়াও সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল মনসুরসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ১ থেকে ১২ নম্বর আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনা, অর্থ প্রদান এবং সহায়তায় ১৩ থেকে ২৮ নম্বর আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা সংঘবদ্ধভাবে এই নাশকতা চালিয়েছে। পাশাপাশি তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর রাতে সড়কে টায়ার জ্বালিয়ে চোরাগোপ্তা মিছিলের মাধ্যমে রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে আসছিল।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।