ভৈরবে ডেঙ্গু আক্রান্ত অসুস্থ সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভৈরব প্রেসক্লাবের আয়োজনে ২০ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব প্রেসক্লাব মিলনায়তনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শরীফ আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সোহেলুর রহমান ও ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক প্রমুখ। এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের আগে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেলুর রহমান অসুস্থ আদিল উদ্দিন আহমেদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
তিনি বলেন, বৈশাখী টেলিভিশন ও দৈনিক কালের কণ্ঠের ভৈরব প্রতিনিধি প্রেসক্লাবের সদস্য আদিল উদ্দিন আহমেদ ডেঙ্গুতে আক্রান্ত হন। পরবর্তীতে প্লাটিলেট কমে যাওয়াসহ রক্তে সংক্রমণজনিত জটিলতায় তিনি বর্তমানে রাজধানীর বিআরবি হাসপাতালে (এসডিও) চিকিৎসাধীন রয়েছেন।
সবশেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অসুস্থ সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করা হয়।