নরসিংদীর বেলাবো উপজেলায় টিনের ঘরের সঙ্গে বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরিন বেগম (২৮) নামে তিন সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঘটনা ঘটে পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিরিন বেগম বেলাবো উপজেলার ছল্লাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সররাবাদ নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মো. দিলদার মিয়া (৩৫) পেশায় অটোরিকশাচালক। তাঁদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। শিরিনের বাবার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোছামাড়া গ্রামে। তাঁর বাবার নাম আশরাফ আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, টিনের ঘরের সঙ্গে বৈদ্যুতিক লাইনের শর্টসার্কিটের কারণে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন শিরিন। পরে তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকার কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে স্বজনদের মনে তাঁর মৃত্যু নিয়ে সংশয় দেখা দিলে তাঁরা শিরিনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় দুর্ঘটনার বিবরণে অসংগতি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে বিষয়টি ভৈরব থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে ভৈরব থানার কিলো ডিউটিতে থাকা উপপরিদর্শক (এসআই) আসিবুল হক ভূঁইয়া হাসপাতালে যান। তিনি স্বজনদের উপস্থিতিতে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এসআই আসিবুল হক ভূঁইয়া জানান, প্রাথমিক সুরতহালে মৃতের হাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি বেলাবো থানা এলাকার হওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। পরবর্তী তদন্ত বেলাবো থানা পুলিশ করবে।
এদিকে নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এ ঘটনায় তাঁদের কোনো অভিযোগ নেই।