কর্মজীবনের শেষ দিনে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়! দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের ইতি টানলেন ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের টুকচানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আব্দুল মালেক মিয়া। তাঁর বিদায়কে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয় জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের। উৎসবমুখর পরিবেশে ফুলেল শুভেচ্ছা, উপহার ও ভালোবাসায় সিক্ত করে ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাঁকে বাড়িতে পৌঁছে দেন অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন সুজন, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোঃ ছামিদ মিয়া। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক হাজী আব্দুল মালেক মিয়াও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে বিভিন্ন উপহার ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণা করা হয় এবং অবসরজীবনের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল ঘোড়ার গাড়িতে করে বিদায়ী শিক্ষককে বাড়িতে পৌঁছে দেওয়া। প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সম্মিলিতভাবে তাঁকে ঘোড়ার গাড়িতে তুলে ফুল ছিটিয়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বাড়িতে পৌঁছে দেন। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের পাঠদান ও মানুষ গড়ার কাজে অবদান রাখা একজন শিক্ষককে এমন ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানানোয় স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ আয়োজন শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় মানুষের মধ্যে আন্তরিক সম্পর্কের এক সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে।
ভালোবাসা ও সম্মানের এমন রাজকীয় বিদায় নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে বিদায়ী শিক্ষক হাজী আব্দুল মালেক মিয়ার জীবনে।