কিশোরগঞ্জের ভৈরবে স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ও রোগের প্রাথমিক লক্ষণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর বুধবার বিকেলে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পাশে শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে এই আয়োজন করা হয়। এতে শিক্ষক, ইমাম ও সাংবাদিকসহ সুশীল সমাজের লোকজন অংশ নেয়।
ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান এ জেড এম ফরহাদ বলেন,আমাদের দেশের অধিকাংশ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে থাকেন। এ রোগের চিকিৎসা বর্তমানে আমাদের দেশেও দেয়া হচ্ছে। স্তন ক্যান্সারের চিকিৎসা এখন ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালেও দেয়া হয়। স্বাস্থ্য ঝুঁকি কমাতে আক্রান্তরা যেন সংকোচবোধ না করে দ্রুত চিকিৎসা সেবা নেন।
এ সময় স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, এ রোগ সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরে ক্যানসার বিশেষজ্ঞ ডা. এস এম সাইফুজ্জামান বলেন,স্তনে অস্বাভাবিকতা কিংবা চামড়ায় কোনো পরিবর্তন ও তরল জাতীয় কিছু বের হতে দেখলে সংকোচবোধ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে স্বাস্থ্য ঝুঁকি থাকবেনা।