শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
সোমবার সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় মণ্ডপে উপস্থিত ভক্ত ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি সম্প্রীতির বার্তা দেন।
প্রতিমন্ত্রী বলেন,
“জাতি-ধর্ম নির্বিশেষে আমরা সবাই এখানে বাংলাদেশের নাগরিক। আমাদের প্রত্যেকের মর্যাদা সমান। আমাদের নাগরিকদের অধিকার সমানভাবে নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।”
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের জানমালের নিরাপত্তা ও উৎসব নির্বিঘ্নে পালনে বদ্ধপরিকর। কোনো অপশক্তি যেন এই সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী।
এসময় পূজা উদযাপন পরিষদের এক সদস্য বলেন, “আমরা আনন্দিত, আমাদের এখানে প্রতিমন্ত্রী এসেছেন, আমরা খুশি হয়েছি।”
পূজা উদযাপন পরিষদের নেতারা প্রতিমন্ত্রীর এই পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই অসাম্প্রদায়িক ভূমিকার প্রশংসা করেন।