ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি জমি ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সৃষ্ট বিরোধে দলিল লেখকদের জড়িয়ে মিথ্যা অপপ্রচারের চেষ্টা চলছে বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার আছাদনগর পূর্বপাড়ার সাংবাদিক মোঃ শাহীন আহমেদ সাজু (৩২) গত ২০২৬ সালে ফরদাবাদ মধ্যপশ্চিম পাড়ার আনিসুর রহমান (৪০) এর তার স্ত্রী শিল্পী আক্তার (৩৫) এর কাছ থেকে ০২ শতক জমি ৯,০০,০০০/- টাকায় বৈধভাবে ক্রয় করেন। উক্ত জমি বাঞ্ছারামপুর সাব-রেজিস্ট্রি অফিসে সকল সরকারি নিয়ম-কানুন মেনে, সাব-রেজিস্ট্রারের সম্মুখে দাতা-গ্রহীতার উপস্থিতিতে সুসম্পন্ন হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রির পর থেকে বিক্রেতা পক্ষ ক্রেতা শাহীন আহমেদ সাজুর কাছে অতিরিক্ত টাকা দাবি করে আসছে এবং জমি বুঝিয়ে না দিয়ে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে। এ ঘটনায় ক্রেতা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বাঞ্ছারামপুর দলিল লেখক সমিতির একাধিক সদস্য জানান, “আমরা শুধুমাত্র সরকারি ফি ও নিয়ম মেনে দলিল সম্পাদন ও রেজিস্ট্রির কাজ করে থাকি। জমির দখল বুঝিয়ে দেওয়া বা অতিরিক্ত টাকা লেনদেনের সাথে দলিল লেখকদের কোনো সম্পর্ক নেই। এই ঘটনাটি সম্পূর্ণ ক্রেতা-বিক্রেতার ব্যক্তিগত বিরোধ। এখানে দলিল লেখকগণ তাদের পেশাগত দায়িত্ব শতভাগ সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন।”
তারা আরও বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলিল লেখকদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। জমি রেজিস্ট্রির পর বিক্রেতা যদি জমি বুঝিয়ে না দেয় বা অতিরিক্ত টাকা দাবি করে, তার দায়ভার কোনোভাবেই দলিল লেখকের উপর বর্তায় না।
এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।