ভৈরবে গ্রামীণ জেনারেল হাসপাতালে ভাঙচুর ও সাড়ে ২৪ লাখ টাকার আসবাপত্র যন্ত্রপাতি ক্ষতিসাধন করার মামলায় ৫ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। উক্ত মামলায় আদালত আসামীদেরকে কারাগারে পাঠানোর পর তারা আজ বুধবার ( ৭ অক্টোবর) জজ কোর্টে সাজার বিরুদ্ধে আপীল করলে বিচারক সকল আসামীর জামিন নাকচ করে দেয়। মামলার অভিযুক্ত আসামীরা হলো ভৈরব শহরের জগনাথপুর এলাকার আক্তার মিয়া, শামীম মিয়া, নয়ন মিয়া, রিয়াজ মিয়া এবং নরসিংদির বেলাব থানার ইব্রাহিমপুর গ্রামের শাহ আলম। তারা সবাই রোগীর স্বজন। এসব সকল আসামীর বিভিন্ন ধারায় ১ বছর দুইমাস সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাস কারাদন্ড হয়। বর্তমানে ৪ আসামী কারাগারে আছে এবং একজন পলাতক রয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ জুলাই তারিখে নরসিংদির ইব্রাহিম গ্রামের সেলিনা বেগম নামের এক রোগী জরায়ূর সমস্যায় ভৈরবের নিউটাউন এলাকায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। এই রোগীর জরায়ূর জটিলতায় তার জীবন বাঁচাতে ওইদিন রাত ৮ টায় সার্জন ডাক্তার শারমিন হানি তার জরায়ূ অপারেশন করে কেটে ফেলে দেয়। অপারেশন করার আগে ডাক্তার জালাল উদ্দিন তাকে এনেস্থিসিয়া দেন। এরপর রাত দুইটায় রোগী সেলিনা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ঘটনার পরদিন অর্থাৎ ৯ জুলাই ২০২৩ ইং তারিখে সকালে রোগীর আত্মীয়-স্বজনরা হাসপাতালসহ অন্যান্য যন্ত্রপাতি – আসবাপত্র, কম্পিউটার, ফার্মেসীর ওষধ ব্যাপকভাবে ভাঙচুর করে ২৪ লাখ ৩৪ হাজার টাকা ক্ষতিসাধন করে এবং কর্মচারীদেরকে মারধোর করে। ঘটনায় গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও মালিক বদিউজ্জামান বদি থানায় কয়েকজনকে আসামী করে একটি মামলা করে। পরে পুলিশ ঘটনা তদন্ত করে মামলায় ৫ জনকে অভিযুক্ত করে চার্জশীট দেয় কিশোরগঞ্জের আদালতে।
কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালতের বিচারক বিশ্বজিৎ চক্রবর্তী মামলার বিচার কাজ শেষ করে সাক্ষ্যপ্রমানে প্রমানিত হওয়ায় আসামীরা দোষী সাব্যস্ত হলে গত ২৮ সেপ্টেম্বর ৫ আসামীকে উল্লেখিত সাজা প্রদান করে কারাগারে পাঠায়। তার মধ্য এক আসামী পলাতক আছে বলে আদালত সূত্র জানায়।
এরপর আসামীরা সাজার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আপীল করলে আজ বুধবার এমামলার আপীল শুনানী হয়। শুনানী শেষে বিচারক তাদের আপীলে আসামীদের জামিন নাকচ করে দেয়।
মামলাটির আসামী পক্ষে আইনজীবি ছিলেন সিনিয়র আইনজীবি মোঃ মিজানুর রহমান এবং বাদী পক্ষে ছিলেন এপিপি মোঃ রিয়াজুল ইসলাম।