ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আখাউড়া-আগরতলা-নারায়ণগঞ্জ মহাসড়কের ফতেপুর বেইলি সেতুতে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। সরু এই সেতুর কারণে দুই পাশে প্রতিদিন তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় জনসাধারণ, চালক ও যাত্রীদের। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ চরমে।
সরেজমিনে দেখা যায়, সেতুটি এতটাই সরু যে এক পাশ থেকে একটি গাড়ি সেতুতে উঠলে অন্য পাশের গাড়িকে অপেক্ষা করতে হয়। এক পাশের গাড়ি পার হওয়া শেষ হলে অন্য পাশের গাড়ি ছাড়া হয়। এই প্রক্রিয়ায় সেতু পার হতেই যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত যাত্রীদের গাড়িতে বসে থাকতে হয়। এতে গাড়িতে থাকা রোগী, শিশু ও বৃদ্ধরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন।
স্থানীয়দের কাছে এখন ভোগান্তির আরেক নাম ফতেপুর বেইলি সেতু। তাই দ্রুত সেতুটি সম্প্রসারণ করে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, নারায়ণগঞ্জ-আড়াইহাজার-ভুলতা-ফেরিঘাট-বাঞ্ছারামপুর-ফতেপুর মহাসড়ক দিয়ে প্রতিদিন ৪০ থেকে ৪৫ হাজার যানবাহন চলাচল করে। এই সড়কে প্রতিদিন অন্তত পাঁচ লাখ মানুষ যাতায়াত করেন। দিনে তিন থেকে চারবার যানজটের কবলে পড়তে হয় যাত্রীদের। প্রায়ই আছাদনগর বাজার থেকে ফতেপুর বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে থাকে।
এদিকে ধারণক্ষমতার অতিরিক্ত মালবোঝাই যানবাহন চলাচল করায় দীর্ঘদিনের পুরোনো এই সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা জানান, পাঁচ টন ধারণক্ষমতা সম্পন্ন সেতুটির ওপর দিয়ে ১০ টনের বেশি ওজনের পণ্যবাহী যানবাহন চলাচল করছে। এতে সেতুটি দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ফলে কয়েক দিন পরপরই সেতুটি মেরামত করতে হয়।
ভুক্তভোগী আলাউদ্দিন বলেন, “এই যানজটের কারণে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, নারী ও শিশুরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। আমাদের মাননীয় সংসদ সদস্যের কাছে দাবি, তিনি যেন দ্রুত সেতুর কাজটি সম্পন্ন করে আমাদের চলাচলের পথ সুগম করে দেন।”
ট্রাকচালক কামাল মিয়া বলেন, “এই সেতুটি অতি দ্রুত নির্মাণ করা উচিত। আমি নিজে তিন ঘণ্টা ধরে জ্যামে বসে ছিলাম, তারপর সেতু পার হতে পেরেছি।”
একজন স্কুলছাত্র জানায়, “যানজটের কারণে অনেক সময় রোগীদের জীবন সংকটাপন্ন হয়ে ওঠে। প্রতিদিন আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। এই যানজট আমাদের চলাচলের বড় অন্তরায়।”
স্থানীয় বাসিন্দা মো. হুমায়ুন কবির বলেন, “ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকার কারণে আমাদের সময় ও অর্থের অনেক ক্ষতি হচ্ছে। পুরোনো সেতুটি পরিবর্তন করে দ্রুত নতুন সেতু নির্মাণ করা হলে আমাদের এই কষ্ট লাঘব হবে।”
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশলী রাব্বি জানান, “আমরা বিষয়টি সম্পর্কে অবহত নই। এটা আমাদের কাজ নয়।রোডস এন্ড হাইয়ের কাজ।