২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোড ক্যাম্পেইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিসচা ভৈরব শাখার সড়কযোদ্ধারা চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং পথচারীদের সড়ক ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে চালক, যাত্রী ও পথচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর মোঃ ফিরোজ আলম, ট্রাফিক সার্জেন্ট মোঃ আলাউদ্দিন, ভৈরব হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট শাহ পরান, ভৈরব বাস মালিক সমিতির সভাপতি আবু বায়েছ, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন এবং মাসব্যাপী কর্মসূচির আহ্বায়ক ও নিসচা ভৈরব শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিসচা ভৈরব শাখার যুব বিষয়ক সম্পাদক হাজী জামান, কার্যকরী সদস্য জামাল মিয়া, হাজী কুদ্দুস, সদস্য আলী আকরাম, মোশাদ মিয়া, খেলোয়াড় মোঃ জুয়েল মিয়া, নিসচা সদস্য ইমরান, ভৈরব বাস মালিক সমিতির নেতা মোঃ মুতি মিয়া, সিজার মেম্বারসহ নিসচা ও পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
নিসচা নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগ নয়, চালক, যাত্রী, পথচারীসহ প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিসচা ভৈরব শাখা এ বছর ব্যাপক মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে রোড ক্যাম্পেইন, লিফলেট বিতরণ, চালক প্রশিক্ষণ, বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজন।
“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”—এই প্রত্যয়কে সামনে রেখে নিসচা ভৈরব শাখার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।