কিশোরগঞ্জের কুলিয়ারচরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং কুলিয়ারচর পৌরসভার প্রশাসক সাফফাত আরা সাঈদের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তাঁর এই অবস্থানকে ‘দ্বিমুখী নীতি ও বৈষম্য” হিসেবে আখ্যায়িত করে প্রশ্ন তুলেছেন স্থানীয় সাংবাদিকরা-এটি কি সাংবাদিকদের প্রতি কোনো ক্ষোভ, নাকি পূর্ব শত্রুতার প্রতিফলন?
জানা যায়, সরকারি আদেশে বদলী হয়ে গত রোববার বিকালে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে যোগদান করেন ইউএনও সাফফাত আরা সাঈদ। দায়িত্ব গ্রহণের প্রথম দিন উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ নতুন ইউএনও-কে তাঁর কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাতে যান। এ সময় ইউএনও কার্যালয়ে স্থানীয় ৬ জন পেশাদার সাংবাদিক উপস্থিত ছিলেন। জনপ্রতিনিধির দলটি ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাতে চাইলে ইউএনও সাফফাত আরা সাঈদ সাংবাদিকদের দেখে এক অদ্ভুত শর্ত জুড়ে দেন। তিনি সাফ জানিয়ে দেন-কোনো ছবি তোলা যাবে না; ছবি তুললে তিনি জনপ্রতিনিধিদের ফুলের তোড়া গ্রহণ করবেন না। বাধ্য হয়ে উপস্থিত সাংবাদিকরা জনপ্রতিনিধিদের দেওয়া ফুলেল শুভেচছার ছবি না তুলে ইউএনও কার্যালয় থেকে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যায়।
অপর দিকে যোগদানের দুই দিন পর মঙ্গলবার দেখা যায় ভিন্ন চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউএনও-কে ফুলেল শুভেচছা জানানোর বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তিনি সানন্দে অন্যদের কাছ থেকে ফুলের তোড়া গ্রহণ করছেন এবং ক্যামেরাবন্দী হচ্ছেন।
এছাড়াও মঙ্গলবার দুপুরে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি হিসেবে সাক্ষাৎ করতে যাওয়া এক সদস্য (যিনি পেশায় একজন সাংবাদিক) জানান, তিনিসহ কমিটির অপর এক সদস্য (তিনিও পেশায় একজন সাংবাদিক) ইউএনও’র কার্যালয়ে থাকাকালীন উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের শিক্ষকরা তাঁদের কলেজের সভাপতি নবযোগদানকৃত ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন। সাংবাদিকদের দেখে সেখানেও তিনি ছবি তুলতে নিষেধ করেন। এমনকি পরবর্তীতে উপজেলা প্রশাসন চত্বরে প্রতিষ্ঠিত উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উপজেলা প্রশাসন স্কুলের শিক্ষক-কর্মচারীরা ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা জানাতে এলে তাঁদের ক্ষেত্রেও ছবি তোলায় একই নিষেধাজ্ঞা দেওয়া হয়। উপস্থিত দুইজন সাংবাদিক ইউএনও’র কক্ষ থেকে বের হয়ে যাওয়ার মাত্র এক মিনিটের মাথায় শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ইউএনও’র কার্যালয়ে গেলে চিত্র বদলে যায়। তখন কোনো রকম আপত্তি ছাড়াই ইউএনও-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি তোলার সুযোগ দেওয়া হয় এবং সেই ছবিগুলো পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসে।
এরপরই স্থানীয় সংবাদকর্মীরা চরম হতাশা ও অসন্তোষ প্রকাশ করে বেশ কিছু যৌক্তিক প্রশ্ন তুলে ধরে বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে শুভেচ্ছা বিনিময়ের ছবি তুলতে ইউএনও কর্তৃক বাধা দেওয়ার কারণ কী? একই স্থানে সাংবাদিক উপস্থিত থাকলে ছবি তোলায় আপত্তি এবং সাংবাদিকরা চলে যাওয়ার পরপরই ছবি তোলার সুযোগ দেওয়ার রহস্য কী? সাংবাদিকদের ক্যামেরায় ছবি তোলার ক্ষেত্রে ইউএনও’র অনীহা কেন? কুলিয়ারচরের স্থানীয় সাংবাদিকদের প্রতি কি তাঁর কোনো ব্যক্তিগত ক্ষোভ রয়েছে, নাকি তাঁদের পূর্ব শত্রু হিসেবে গণ্য করা হচ্ছে?
একজন সরকারি কর্মকর্তা ব্যক্তিগতভাবে ছবি তুলতে পছন্দ করবেন কি না, সেটি অবশ্যই তাঁর নিজস্ব বিষয়। কিন্তু একই ধরনের ফুলেল শুভেচ্ছার ক্ষেত্রে সাংবাদিক উপস্থিত থাকলে ছবি তুলতে নিষেধ করা এবং সাংবাদিকরা বেরিয়ে যাওয়ার পরপরই ছবি তোলায় আপত্তি না থাকার বিষয়টি স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করে। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই আসে, ছবি তোলাতেই আপত্তি, নাকি সাংবাদিকের ক্যামেরায়?
একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার তথ্য সংগ্রহে পরোক্ষ বাধা দেওয়া এবং সাংবাদিকদের উপস্থিতিতে এমন দ্বিমুখী আচরণ উপজেলার প্রশাসনিক স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। স্থানীয় সংবাদকর্মীরা মনে করেন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে এই ধরনের দূরত্ব সৃষ্টি উপজেলা প্রশাসনের সার্বিক কাজের পরিবেশকে ব্যাহত করতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান পরিষ্কার হওয়া জরুরি বলে দাবি তুলেছেন কুলিয়ারচরের কর্মরত গণমাধ্যমকর্মীরা।
সাংবাদিকরা না থাকার সুযোগে বাধাহীন ভাবে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাফফাত আরা সাঈদ-কে পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানোর ছবি ক্যামেরাবন্দী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় পৌরসভার এক কর্মচারী। ছবি- ফেসবুক থেকে সংগৃহীত।