ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা অফিসে দায়িত্ব পালনকালে মাথার উপর সিলিং ফ্যান খুলে পড়ে গুরুতর আহত হয়েছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার খাদিজা আক্তার।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলা শিক্ষা অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ একটি সিলিং ফ্যান খুলে তার মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে গুরুতর আহত হন তিনি।
তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ৬টি সেলাই দেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার স্বামী শামসুজ্জামান, সহকারী শিক্ষক (গণিত), হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
তিনি তার স্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য সকল আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার এর আগে দীর্ঘদিন হোমনা উপজেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও পরিচিত মুখ।
এদিকে উপজেলা শিক্ষা অফিসের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে সিলিং ফ্যান খুলে পড়ার ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে। সহকারী শিক্ষা অফিসারের ওপরেই যদি ফ্যান পড়ে, তাহলে বিদ্যালয়গুলোর অবস্থা কী হবে? এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে।