ভৈরবে রেলওয়ে জংশনে ট্রেনের উঠার সময় অভিনব কায়দায় কৌশলে জটলা তৈরি করে ছিনতাইকারী একাধিক চক্র। এ চক্রটি ট্রেনে উঠার সময় জটলা তৈরি করে যাত্রীদের মোবাইল মানিব্যাগ ছিনতাই করে আসছিল দীর্ঘদিন যাবত। ঘটনায়। আজও এমন ঘটনার সৃষ্টি করলে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানার পুলিশ। ৭ জুন রবিবার বেলা ১২টায় ১ জনকে মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরে স্থানীয় জনতা পুলিশ সোপর্দ করে। এর আগে ৬ জুন শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে রেলওয়ে স্টেশনে পশ্চিম আউটার থেকে জটলা তৈরি করে যাত্রীদের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রা হলেন, পৌর শহরের পঞ্চবটী এলাকার ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮), নরসিংদী জেলার পলাশ থানার উত্তর চন্দন এলাকার আনোয়ার হোসেনের ছেলে সবুজ মিয়া (২২), কুমিল্লা জেলার চান্দিনা এলাকার এতরায়পুর এলাকার মবিন মিয়ার ছেলে হাসান (২০), একই জেলার কোতোয়ালি থানার মুরাপাড়া এলাকার বাতেন মিয়ার ছেলে নুর আলম (২০) ও শুভপুর এলাকার আবু তাহের মিয়ার ছেলে বিপ্লব আহসান (২৬)।
অপরাধীদের দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ বলেন, রেলওয়ে স্টেশনে পশ্চিম আউটারে বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী গামী উপকূল এক্সপ্রেস ট্রেনে যাত্রী উঠার সময় কৃত্রিম জটলা তৈরি করে মোবাইল চুরির চেষ্টা করে স্টেশন এলাকার ছিনতাইকারী চক্র। রেলওয়ে পুলিশের চৌকস নজরদারি এড়াতে পারেনি এই চক্রটি। এসময় রেলওয়ে পুলিশ ছিনতাইকারী নুর আলম, বিপ্লব হাসান বিপ্লব, মো. সবুজ মিয়া ও হাসান মিয়াকে গ্রেপ্তার করে। এছাড়াও আসামি মো. বাবুল মিয়াকে প্লাটফর্মে যাত্রীদের মোবাইল চুরির চেষ্টা কালে হাতে নাতে ধরে এনে থানায় সোপর্দ করে স্থানীয় জনতা। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত ৫ ছিনতাইকারীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারকের কাছে তাদের অপরাধ কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এদের মধ্যে নুর আলম ও বিপ্লব আহসানকে তিন মাসের কারাদণ্ড, সবুজ মিয়া ও হাসান মিয়াকে ২ মাসের কারাদণ্ড ও বাবুল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্টেশন এলাকায় যাত্রী হয়রানি ও ছিনতাই নির্মূল পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।